টিসিবির ১০ দিনের ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে তেল-চিনি-ডাল

0
25
টিসিবির ১০ দিনের ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে তেল-চিনি-ডাল

ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের স্বস্তি বাড়াতে আজ সোমবার (১১ মে) থেকে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১০ দিনের ট্রাকসেল কার্যক্রম। এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এর আগে রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদুল আজহা সামনে রেখে সাধারণ মানুষের জন্য বিশেষ ট্রাকসেল কার্যক্রম চালু করা হয়েছে।

টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং দেশের বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সব মিলিয়ে সারাদেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

১১ মে থেকে ২১ মে পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে টিসিবি।

ট্রাকসেলে একজন ক্রেতা ১৩০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এছাড়া চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারীদের জন্য নির্ধারিত পণ্যের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here