বিসিবি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনদের ভিড়, বাড়ছে রাজনৈতিক প্রভাব

0
42

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের বড় একটি অংশই বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয়স্বজন। তাঁদের মধ্যে কয়েকজন আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানিয়েছেন, তিনটি ক্যাটাগরিতে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ইতিমধ্যে কয়েকটি পদে একক প্রার্থী পাওয়া গেছে। রংপুর বিভাগ থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সল আমীন একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। রাজশাহী বিভাগে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলমও একক প্রার্থী।

সিলেট বিভাগ থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগেও মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী হিসেবে দেখা গেছে। ঢাকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর ছেলে সাইদ বিন জামান। চট্টগ্রামে পানিসম্পদমন্ত্রীর আত্মীয় মাঈন উদ্দিন চৌধুরী এবং খুলনায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ভাই শান্তনু ইসলামও পরিচালক পদে লড়ছেন।

ক্লাব ক্যাটাগরিতেও রয়েছে রাজনৈতিক প্রভাবের ছাপ। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির কয়েকজন সদস্যও মনোনয়ন তুলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার ছেলেরা।

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুই পরিচালকসহ মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here