Homeখেলামরক্কোর বিপক্ষে ড্র করে স্বস্তির নিঃশ্বাস ব্রাজিল, আরও গোল হজমের শঙ্কার কথা...

মরক্কোর বিপক্ষে ড্র করে স্বস্তির নিঃশ্বাস ব্রাজিল, আরও গোল হজমের শঙ্কার কথা জানালেন দানিলো

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিলো। তাঁর মতে, প্রথমার্ধে দলের খেলা এতটাই অগোছালো ছিল যে আরও কয়েকটি গোল হজম করলেও অবাক হওয়ার কিছু থাকত না।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ পর্যন্ত সেই ১-১ ব্যবধানই ম্যাচের ফল নির্ধারণ করে।

ম্যাচ শেষে দানিলো বলেন, প্রথমার্ধে ব্রাজিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। মাঠে অবস্থান, কৌশলগত পরিকল্পনা এবং টেকনিক্যাল দিক—সব ক্ষেত্রেই দল পিছিয়ে ছিল। তাঁর ভাষায়, অতিরিক্ত চাপ ও উদ্বেগের কারণেই খেলোয়াড়রা ধারাবাহিক ভুল করেছে এবং প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, দল ভাগ্যবান ছিল যে বিরতির আগেই বড় ব্যবধানে পিছিয়ে পড়েনি। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা বদলায়। ব্রাজিল বলের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কিছু সুযোগও তৈরি করে।

অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও স্বীকার করেছেন, বিশ্বকাপ অভিযান ব্রাজিলের প্রত্যাশামতো শুরু হয়নি। তিনি বলেন, মরক্কো শক্তিশালী প্রতিপক্ষ এবং ম্যাচটি কঠিন হবে, সেটি আগেই জানা ছিল। যদিও প্রতিটি টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়েই শুরু করতে চায় ব্রাজিল, তবে এবার শুরুটা “স্বপ্নের মতো” হয়নি।

দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। তাদের বিশ্বাস, পরবর্তী ম্যাচগুলোতে এই অভিজ্ঞতা দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে হোঁচট খেলেও সেই লড়াইয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে সেলেসাওদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ