Homeখেলারোনালদো–জর্জিনার বিয়ে: কবে, কোথায়, কারা থাকছেন আয়োজনে

রোনালদো–জর্জিনার বিয়ে: কবে, কোথায়, কারা থাকছেন আয়োজনে

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তারকা জুটির বহুল আলোচিত বিয়ের আনুষ্ঠানিকতা।

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের মূল অনুষ্ঠান হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতিনীতি অনুসারে বিকেল তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে

এর আগে গুঞ্জন উঠেছিল, পর্তুগালের সিন্ত্রার বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এই বিয়ে অনুষ্ঠিত হবে। তবে পরে জানা যায়, নির্ধারিত সময়জুড়ে ওই স্থানটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপরই মাদেইরাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে স্যাভয় প্যালেস হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার শুক্রবার ও শনিবার সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ধারণা করা হচ্ছে, অতিথিদের নিরাপত্তা এবং ব্যক্তিগত আয়োজন নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদেইরা রোনালদোর জন্য শুধুই একটি বিয়ের স্থান নয়; এটি তাঁর শৈশব ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এখানেই তাঁর জন্ম এবং বেড়ে ওঠা। বর্তমানে শহরটিতে তাঁর নামে একটি হোটেল রয়েছে এবং তাঁর সম্মানে নির্মিত একটি ব্রোঞ্জের ভাস্কর্যও পর্যটকদের অন্যতম আকর্ষণ।

বিশ্বের অন্যতম সফল ফুটবলারের জীবন সবসময় এমন ছিল না। ছোটবেলায় পরিবারের সঙ্গে সাধারণ পরিবেশে বেড়ে ওঠা রোনালদো মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিতে বাড়ি ছাড়েন। তাই নিজের জন্মভূমিতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার সিদ্ধান্তকে অনেকেই তাঁর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর-এর হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং কয়েক বছরের মধ্যে তাঁরা বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন।

গত বছরের আগস্টে রোনালদো আনুষ্ঠানিকভাবে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সম্প্রতি স্পেনের মায়োর্কায় একটি বিলাসবহুল ইয়টে তাঁদের দুজনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা যাওয়ার পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

এর আগে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তাঁরা বিয়ের পরিকল্পনা বাস্তবায়ন করবেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই তারকা জুটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ